হাসিনাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ, আ.লীগের রাজনীতি প্রত্যাখ্যানের দাবি

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
হাসিনাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ, আ.লীগের রাজনীতি প্রত্যাখ্যানের দাবি

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি  


বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনাকে ঘিরে নানা আলোচনা থাকলেও বাস্তবে তার কোনো উপস্থিতি দেখা যায় না। মাঝেমধ্যে শুধু বিভিন্ন ধরনের বক্তব্য বা বার্তা শোনা যায়। তার দাবি, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে।


শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তিনি জানান, নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।


তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো গেলে তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। এজন্য পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতে বিভিন্ন এলাকাকে পরিকল্পনাহীনভাবে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটন বিকাশের স্বার্থে এসব সিদ্ধান্ত জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, শুধু বহুতল ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে বিশ্বব্যাপী তা তুলে ধরতে হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায়। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে।


হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



এমকে/বিএম২৪