সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা শেষে মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা শেষে মরদেহ হস্তান্তর

সংগৃহীত

জেলা প্রতিনিধি


সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত নওগাঁর সাতজনের জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।


এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে আসে। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে নেওয়া হয়।


জানাজায় নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে সরকারের সহযোগিতা থাকবে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়াও চলছে।


নিহত সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।


এমকে/বিএম২৪