সুনামগঞ্জ সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, দুই বাংলাদেশি ও মানব পাচারকারী আটক
ছবি: বিডি মেইল
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বাঁশতলা বিওপির একটি বিশেষ টহল দল দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক মানব পাচারকারী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের আমিরকে (২২)। অপর দুজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) ও শার্শা উপজেলার ফাতেমা (১৮)।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। বিজিবির অভিযান চলাকালে তাঁরা পালিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।









