দক্ষিণ আফ্রিকায় চাঁদাবাজদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত
ফাইল ছবি
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের গুলিতে মারুফ নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দেশটির জুলুটেম্বা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত মারুফের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বরাত দিয়ে জানা গেছে, কেপটাউনের বুষ্টার এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জুলুটেম্বা এলাকায় দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসছিলেন মারুফ।
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় ব্যবসা পরিচালনা করতে স্থানীয় চাঁদাবাজদের নিয়মিত ‘প্রটেকশন মানি’ দিতে হতো। শুরুতে ৫০০ র্যান্ড থেকে দেড় হাজার র্যান্ড পর্যন্ত চাঁদা দাবি করা হতো। অতিরিক্ত চাঁদার টাকা দেওয়া নিয়ে বুধবার রাতে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারুফকে গুলি করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর মারুফের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রবাসে ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজদের হামলায় মারুফের মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা এই বাংলাদেশির এমন মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে কি না, কিংবা জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।









