শরীয়তপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
শরীয়তপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের জাজিরায় দুর্বৃত্তদের হামলায় রিয়াজুল ফকির (৩২) নামে শ্রমিক দল নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কাজিরহাট কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা।


আহত রিয়াজুল ফকির কাজিরহাট ডুবিসায়বর বন্দর এলাকার শাহজাহান ফকিরের ছেলে। তিনি শরীয়তপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাজিরহাট কাঠপট্টি এলাকায় অবস্থান করছিলেন রিয়াজুল। এ সময় একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রিয়াজুলের কাছ থেকে অভিযুক্ত দুজনের নাম জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।