ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


মহান ভাষা আন্দোলনের অন্যতম রূপকার ও ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ অক্টোবর) বাদ আসর উপজেলার শাহবাজপুরে তাঁর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জুনায়েদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, অ্যাডভোকেট ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর বাবা অলি আহাদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।


বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতী সন্তান ও বরেণ্য জাতীয় নেতা। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে ভাষাসৈনিক অলি আহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সোলেমান কাশেমী।