ফরিদপুরে ১০ পূজামণ্ডপে কৃষক দল নেতা মামুনের আর্থিক সহযোগিতা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম
ফরিদপুরে ১০ পূজামণ্ডপে কৃষক দল নেতা মামুনের আর্থিক সহযোগিতা

ফাইল ছবি

মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১০টি শারদীয় দুর্গাপূজামণ্ডপে আর্থিক সহযোগিতা দিয়েছেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশীদ মামুন।


বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এ সহযোগিতা প্রদান করেন। এর মাধ্যমে দুর্গাপূজার আয়োজনে পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা দেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১০টি পূজামণ্ডপে এ আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এর মধ্যে তাম্বুলখানা বাজারে একটি, পিয়ারপুরে দুটি, কাউলিপাড়ায় দুটি এবং ইছাইলে দুটি পূজামণ্ডপ রয়েছে।


এ বিষয়ে অ্যাডভোকেট মামুন অর রশীদ মামুন বলেন, ‘প্রতি বছর দুর্গাপূজায় আমি আমার সাধ্যমতো প্রতিটি পূজামণ্ডপে উপহার দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবারও আমার প্রাণের কৈজুরী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করেছি।’


তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের কাছে তিনি দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যাতে নিজের লক্ষ্য অর্জন করতে পারেন। পাশাপাশি কোনো পূজামণ্ডপে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়েও তিনি সচেতন রয়েছেন বলে জানান।


মামুন অর রশীদ মামুন বলেন, ‘আমি চাই, কৈজুরীর হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করব এবং একে অপরকে সহযোগিতা করব। সবার কাছে আমার জন্য দোয়া কামনা করছি।’


আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন এই কৃষক দল নেতা।