সুনামগঞ্জে বাসে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
সূত্রঃ বিডি মেইল
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে চেকপোস্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে থেকে ৩টার মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন সদরপুর গ্রামের ভাঙা ব্রিজসংলগ্ন আব্দুল খালিকের চায়ের দোকানের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের কর্মকর্তারা সেখানে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে সুনামগঞ্জগামী ‘সুরাব অ্যান্ড সামি এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালান। এ সময় বাসটির ২৩, ২৪ ও ২৯ নম্বর আসনে বসা তিন যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা শরীরের পেটের ওপর শার্টের নিচে কসটেপ দিয়ে গাঁজা পেঁচিয়ে রেখেছিলেন।
গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের খাড়াজোড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), একই উপজেলার কালামন্ডল গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. বাতিন মিয়া (৪৩) এবং খাড়াজোড়া গ্রামের মৃত রহিম উদ্দিন তালুকদারের ছেলে মো. সফর আলী (৫০)।
অভিযানে মোট ৬ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।









