কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

সূত্রঃ ফাইল ছবি

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং কাঁচা এলাকায় পুকুরের পানিতে ডুবে শোভা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়।


হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে খেলতে যায় শিশু শোভা মনি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।


নিহত শোভা মনি একই এলাকার জাহেদের মেয়ে বলে জানা গেছে।


অন্যদিকে, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় পিলটকাটা খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোজাফফর আহমদ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পিলটকাটা খালে মাছ ধরতে যান মোজাফফর আহমদ। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।


পৃথক দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।