জমিজমা বিরোধের জেরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম
সূত্রঃ বিডি মেইল
মো. শফিকুল ইসলাম নাঈম, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার রাস্তী ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সৌরভ বয়াতী (২০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে রাস্তী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীগঞ্জ গ্রামের সোরহাব কাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সৌরভ বয়াতী ওই এলাকার সান্টু বয়াতীর ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি পারিবারিক দাওয়াত শেষে সৌরভ নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে সোরহাব কাজীর বাড়ির সামনে পৌঁছালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিজান কাজীসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সৌরভকে এলোপাতাড়ি মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় মিজান কাজী, পিতা মৃত এনায়েত কাজী, সাং-লক্ষীগঞ্জ, ৬ নম্বর ওয়ার্ড, রাস্তী ইউনিয়ন, মাদারীপুরকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য ও অভিযোগে হামলার কারণ হিসেবে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার কথা বলা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মাদারীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








