শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, মাথায় কাফনের কাপড়

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, মাথায় কাফনের কাপড়

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুর শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিলটি করা হয়েছে বলে জানা গেছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে পুলিশ বক্সের দিকে যায়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।


ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।


ফেসবুক পোস্টে মিছিলের বিষয়ে দাবি


মিছিলের বিষয়ে সাজিদ মোল্লার একটি ফেসবুক পোস্টেও বক্তব্য পাওয়া গেছে। সেখানে তিনি দাবি করেন, প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও মাথায় কাফনের কাপড় বেঁধে ‘টর্নেডোর মতো’ হঠাৎ মিছিল নিয়ে হাজির হওয়ার সক্ষমতা তাদের রয়েছে।


ওই পোস্টে আরও দাবি করা হয়, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।


এদিকে মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


একজন আটক


পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া সায়েম (১৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম বলেন, ‘জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের পুলিশ বক্সের দিকে একটি মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’