ফরিদপুরে ডাকাত সর্দারসহ ৮ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ এএম
ফরিদপুরে ডাকাত সর্দারসহ ৮ ডাকাত গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

মো. জুয়েল কাজী, ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের সর্দারসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।


গ্রেপ্তারকৃতরা হলেন—সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো. মান্নান ওরফে মান্দার খা (৫০), মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো. সোহাগ কাজী (২৭), মো. রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গা থানার এসআই মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর এলাকার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের একটি বাগানে অভিযান চালানো হয়।


পুলিশের দাবি, সেখানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে সাতটি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে আটটি, মো. মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মো. সোহাগ কাজীর বিরুদ্ধে একটি, মো. রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে দুটি এবং মো. মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।