অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
অষ্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা

সূত্রঃ বিডি মেইল

এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি


কিশোরগঞ্জের অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।


একই সঙ্গে ঘটনার দায় নির্ধারণ করে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।


এক বিবৃতিতে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দলের অভ্যন্তরে গ্রুপিং কিংবা মতভেদ থাকতেই পারে। তবে কোনো ত্যাগী ও প্রকৃত বিএনপি কর্মী বা সমর্থকের পক্ষে নিজ দলের কার্যালয়ে হামলা কিংবা ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয়।


তিনি প্রশ্ন তোলেন, নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে বিতর্কিত ব্যক্তিদের দলে সম্পৃক্ত করার পরিণতিতেই কি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে? একই সঙ্গে দলীয় কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনায় দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উত্তেজনা বা বিভেদ যেন দলের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।


সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই দলের শক্তি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সবশেষে তিনি ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।