সুনামগঞ্জে গৌরারং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার ২ নম্বর গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষে আব্দুল মালেক।
আবেদনে চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তাঁর উল্লেখযোগ্য কোনো ব্যবসা বা আয়ের উৎস ছিল না বলে অভিযোগকারীর দাবি। তবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি অনুদান বিতরণ এবং ইউনিয়ন পরিষদের সেবাখাতে অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।
আবেদনের অনুলিপি সুনামগঞ্জের পুলিশ সুপার, দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে আবেদনে উল্লেখ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। তিনি বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।”
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, “স্থানীয় শাখা থেকে আমরা তদন্ত করাব। তদন্তের পর যদি ব্যবস্থা গ্রহণের বিষয় থাকে, তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমকে/বিএম২৪









