অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে যাওয়া বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো।
বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ডিবি সূত্র আরও জানায়, বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা আব্দুল্লাহ আল জহির বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এমকে/বিএম২৪








