ভারতকে ধন্যবাদ জানিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে আশ্রয় দেওয়ায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ওয়াশিংটনভিত্তিক এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। এনডিটিভি ও পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ। সব দলের মানুষ তাঁকে গ্রহণ করেছেন, যেমনটি করেছিলেন ১৯৭৫ সালে।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এ বিষয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, দেশে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সময় ঘনিয়ে এলে তা জানানো হবে।
এদিকে, ২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রশ্নের কথাও সংবাদ সম্মেলনে স্বীকার করেন শেখ হাসিনা।
তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁকেসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।
এমকে/বিএম২৪








