ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, প্রত্যেক ধর্মই মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়। তাই ধর্ম পালনের পাশাপাশি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও দায়িত্ববোধও থাকা প্রয়োজন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টা থেকে প্রতিমন্ত্রী উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড় দিঘির পাড় ও চকগোনাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরে আসা পূজার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত হন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এ সময় রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









