সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান তারা। পরে বাসার ভেতরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এমকে/বিএম২৪









