সিংগাইরে রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সূত্রঃ সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরোনো বাসস্ট্যান্ডের বটতলায় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. জামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে এবং সহসভাপতি শেখ আসাদ উল্লাহ খান আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন আবিদুর রহমান খান রোমান।
বক্তব্যে রোমান বলেন, ‘মানিকগঞ্জ জেলা ধানের শীষের এলাকা।’ আগামী দিনে ধানের শীষের রাজনীতিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে উদ্দেশ করে রোমান অভিযোগ করেন, বিপুল ভোটে নির্বাচিত হলেও তিনি প্রকৃত ধানের শীষের ভোট পাননি। তাকে ‘চিটা ধানের ভোটে নির্বাচিত’ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রোমান আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে বড় কিছু হয়ে গেছেন—এমনটা ভাবার সুযোগ নেই। আগামী দিনে ধানের শীষের ‘পরিচর্যা’ করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নৌকা ও জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির অনেক নেতাকর্মী সংসদ সদস্যের সঙ্গে নেই এবং তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলেও দাবি করেন রোমান। এ সময় সংসদ সদস্যের বাবার বিরুদ্ধেও অতীতে একই ধরনের আচরণের অভিযোগ তোলেন তিনি।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মুসা বিন আব্দুল হালিম, চান্দহর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল লতিফ, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক হাসান আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক মোল্লা, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা মহিলা দলের নিলুফার ইয়াসমিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংগাইরে পৃথকভাবে তিনটি কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে এবং ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৃথক কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে সিংগাইর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









