সিংগাইরে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন
সূত্রঃ বিডি মেইল
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
‘মারব ডেঙ্গু, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচি ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পালনের কথা রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে, রাস্তার পাশের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার এবং লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল আলম বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং কেন্দ্রীয় যুবদলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পালন করা হচ্ছে।
বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, সদস্যসচিব মো. সফিকুল ইসলাম জীবন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও মাহফুজুর রহমান হৃদয়, পৌর যুবদল নেতা আব্দুর রহমান মুন্না ও কহিনুর ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদল ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সাত দিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে।








