চুয়াডাঙ্গায় মাসিক কল্যাণ সভা, ভালো কাজের স্বীকৃতি পেল ১১ পুলিশ সদস্য

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
চুয়াডাঙ্গায় মাসিক কল্যাণ সভা, ভালো কাজের স্বীকৃতি পেল ১১ পুলিশ সদস্য

সূত্রঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্‌ঘাটন, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে চুয়াডাঙ্গায় ১১ পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।


সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। আগের সভায় উত্থাপিত বিষয়গুলোর সমাধানসহ পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়েও আলোচনা করা হয়। চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং দাপ্তরিক কাজে ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।


চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, রহস্য উদ্‌ঘাটন, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১১ পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।


পরে দুপুর ১২টায় একই স্থানে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনের বিষয়ে আলোচনা করা হয়।


সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্তের মান ও গতি বাড়ানো এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।


পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স ও বিভিন্ন ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।