রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮

সূত্রঃ বিডি মেইল

চাই সুই উ মারমা, রাঙামাটি


রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারের অভিযোগে ১১ জন এবং মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়।


মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুর রহমান (৩৫), মো. নুর নবী (৩৭), মো. মানিক উদ্দীন (২৫), মো. সৌরভ (১৯), কাঞ্চন মজুমদার (৩৫), রঞ্জিত বড়ুয়া (৫৫), আল আমিন ব্যাপারি (৩২), মিজান (৩৩), মো. ইয়াছিন (৩৫), নুর মোহাম্মদ (১৯) ও মো. মামুন (২৫)।


অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পূর্ণ প্রিয় চাকমা (২৬), লিটন চাকমা (২৭), অদিব ত্রিপুরা (৩০), মংকিউ রোয়াজা (২৮), দয়াল মনি চাকমা (৩৫), মোহাম্মদ সাগর (১৯) ও মো. আরিফকে (২৩)।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম ও দ্বিতীয় আসামি এবং ১২ থেকে ১৫ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।


রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।