সিংগাইরে মদ্যপানের পর মারামারি, লাইফ সাপোর্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০১:০৩ এএম
সিংগাইরে মদ্যপানের পর মারামারি, লাইফ সাপোর্টে যুবকের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপানের পর মারামারিতে গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গুরুতর অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।


নিহত আলমগীর উপজেলার ফোর্ডনগর খানপাড়া গ্রামের সাদেমের ছেলে। তিনি স্থানীয় আখতার ফার্ণিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মদপান করেন আলমগীর। পরে ফোর্ডনগর সড়কে আখতার ফার্ণিচার ফ্যাক্টরির কাছে সুমন খা নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আলমগীর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।


পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আলমগীর আহত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে সুমন খার বিরুদ্ধে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে। তবে পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হওয়ায় পরিবারটি আর কোনো অভিযোগ করতে রাজি নয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।


আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে শোকের মাতম। স্থানীয় বাসিন্দাদের দাবি, ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ দাফন করা হয়েছে।


এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মেডিক্যাল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ দেওয়া হলেও বর্তমানে তাদের কোনো অভিযোগ নেই।



এমকে/বিএম২৪