সাংবাদিক জেসিকার আইনি পদক্ষেপ, অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
সাংবাদিক জেসিকার আইনি পদক্ষেপ, অপপ্রচারের অভিযোগ

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন দৈনিক গণকণ্ঠের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আয়েশা আক্তার জেসিকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রতিকার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালত ও সিএমএম কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। মামলার নম্বর ৭৭৩/২৬।


সাংবাদিক জেসিকার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। ভিন্ন সময়ে ঘটে যাওয়া তিনটি পৃথক ঘটনার ভিডিও একত্র করে সেটিকে হানিট্র্যাপ বা অনৈতিক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।


জেসিকার পক্ষ থেকে জানানো হয়, প্রথম ঘটনাটি ছিল বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে অফিসে এনে পাওনা টাকা নিয়ে জিজ্ঞাসাবাদ। দ্বিতীয় ঘটনাটি ঘটে অফিসে মোটরের পানি প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকার কার্পেট নষ্ট হওয়াকে কেন্দ্র করে। এ নিয়ে বাড়ির দারোয়ানের স্ত্রীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। তৃতীয় ঘটনাটি ছিল অফিসের এক নারী কর্মীর বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ এবং পরবর্তী সময়ে সেগুলো ফেরত দেওয়ার বিষয়।


জেসিকার অভিযোগ, এসব বিচ্ছিন্ন ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাঁর বক্তব্য না নিয়ে এবং ঘটনার সত্যতা যাচাই না করেই কিছু ব্যক্তি ভিডিও ও ক্যাপশন ব্যবহার করে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছেন।


এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক আয়েশা আক্তার জেসিকা বলেন, তাঁর বিরুদ্ধে যারা ভিডিও সম্পাদনা করে কিংবা অসম্পূর্ণ ভিডিও প্রচার করে অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের কাছে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা ও প্রমাণ চান তিনি। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে শুধু ভিউ ও লাইক পাওয়ার উদ্দেশ্যে কাউকে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি আরও বলেন, কোনো অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হোক। তবে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে তাঁর সামাজিক ও মানসিক মর্যাদায় আঘাত করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


এদিকে, ঘটনাটি নিয়ে সাধারণ সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। অপপ্রচারের প্রতিবাদে শিগগিরই মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়।


সাংবাদিক জেসিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদ্‌ঘাটনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।


এমকে/বিএম২৪