শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক


ক্লাসের ফাঁকে এক শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিয়েছেন প্রধান শিক্ষিকা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন মানবিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশংসায় ভাসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাইলা।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী শিক্ষিকা খাইরুন নাহার লিপি নিজের ফেসবুক আইডিতে প্রধান শিক্ষিকার এ কর্মকাণ্ডের ছবি ও বর্ণনা দিয়ে একটি পোস্ট করেন। এরপর অনেকেই পোস্টটি শেয়ার করে প্রধান শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।


সহকারী শিক্ষিকার পোস্ট থেকে জানা যায়, প্রতিদিনের মতো বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান-সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছিলেন প্রধান শিক্ষিকা নাইলা। এ সময় এক শিক্ষার্থীর গায়ের জামা ছেঁড়া দেখতে পান তিনি। বিষয়টি নজরে আসার পর কাউকে দিয়ে সেলাই করানোর অপেক্ষা না করে নিজেই সুঁই-সুতো ও কাঁচি হাতে নিয়ে জামাটি সেলাই করে দেন।


ফেসবুক পোস্টে খাইরুন নাহার লিপি লেখেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে দক্ষতার সঙ্গে পুরো প্রতিষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা নাইলা। তবে এদিন তাকে দেখা গেছে ভিন্ন এক ভূমিকায়। এক শিক্ষার্থীর ছেঁড়া জামা চোখে পড়তেই প্রশাসনিক ব্যস্ততা সরিয়ে রেখে মমতা দিয়ে নিজ হাতে জামাটি সেলাই করে দেন তিনি।


তিনি আরও লেখেন, শিক্ষাঙ্গন কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ কোনো প্রতিষ্ঠান নয়; বরং এটি একটি যত্নের পরিবার। প্রধান শিক্ষিকা নাইলা তার কাজের মাধ্যমে সেটিই আবারও প্রমাণ করেছেন। এমন মানবিক ও অসাধারণ একজন মানুষের সঙ্গে কাজ করতে পারাকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।


স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের প্রতি এমন আন্তরিক আচরণের জন্য প্রধান শিক্ষিকা নাইলা আগে থেকেই এলাকায় পরিচিত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্কও বেশ আন্তরিক।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রধান শিক্ষিকার এমন উদ্যোগের প্রশংসা করছেন। নানা নেতিবাচক ঘটনার মধ্যে শিক্ষকদের এমন মানবিক কর্মকাণ্ড সামনে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন অনেকে।


এমকে/বিএম২৪