শাজাহানপুরে ১২ যুবকের মাঝে সাড়ে ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
শাজাহানপুরে ১২ যুবকের মাঝে সাড়ে ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ

সংগৃহীত

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি


জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে যুব র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১২ জন যুবক ও যুব নারীর মাঝে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।


রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শাজাহানপুরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম. লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


অনুষ্ঠানে বক্তারা যুবসমাজের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। আলোচনা সভা শেষে যুবকদের হাতে ঋণের চেক ও গাছের চারা তুলে দেওয়া হয়।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যুব ঋণ ও এ ধরনের উদ্যোগ যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।


এমকে/বিএম২৪