সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

এনসিপির আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সাথে ভোটকেন্দ্রে ভোট দিতে আসুক। সবাই যেন দলে দলে আসে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের সামনে এখন নিজেদের মালিকানা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। “এখনই সময় দেশের মালিকানা বুঝে নেওয়ার। এতদিন এই সুযোগ ছিল না। অভ্যুত্থানের পর সেই সুযোগ সৃষ্টি হয়েছে। তাই জনগণ যেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন,” — যোগ করেন তিনি।

নির্বাচন ঘিরে সহিংসতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, গতকাল থেকে তাদের বিভিন্ন প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। “জনগণের মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। অনেক জায়গায় হামলা হয়েছে। আমাদের নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে,” দাবি করেন তিনি।

তবে এসব প্রতিকূল পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের ওপর জোর দেন তিনি। তার ভাষায়, “আমরা এই প্রতিকূলতাকে ফোকাস করছি না। আমরা চাই জনগণ ভোটে আসুক এবং ব্যালটের মাধ্যমে এসবের জবাব দিক।”

তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।




বা/মে২৪/ম