রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত ইঞ্জি. শাকিলুর রহমান

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত ইঞ্জি. শাকিলুর রহমান

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী শাকিলুর রহমান। তার এ বিজয়ে রাজশাহীর ব্যবসায়ী মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা আনন্দ মিছিল বের করেন এবং ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দিত করেন। এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে একাধিক শক্তিশালী প্রার্থীর মধ্যে থেকে তিনি ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় ইঞ্জি. শাকিলুর রহমান বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি রাজশাহীর সমগ্র ব্যবসায়ী সমাজের। আপনারা যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং চেম্বারের কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করা তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী নেতারা মনে করছেন, ইঞ্জি. শাকিলুর রহমানের নেতৃত্বে রাজশাহী চেম্বার অব কমার্স আরও শক্তিশালী হবে এবং স্থানীয় শিল্প ও বাণিজ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে আরসিসিআই দীর্ঘদিন ধরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।