বিজিবির অভিযানে ভারতীয় মদ-ফেনসিডিলসহ বিপুল মাদক জব্দ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
বিজিবির অভিযানে ভারতীয় মদ-ফেনসিডিলসহ বিপুল মাদক জব্দ

ইব্রাহিম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক দুই অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিরাপসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১)।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিজিবি-১ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট বিকল্প বিওপির একটি দল চারঘাট মডেল থানার ডালিয়া পাড়া এলাকায় পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় ‘জেডি’ মদ জব্দ করা হয়।

একই রাতে সোয়া ১২টার দিকে চারঘাট থানার টাংগন আমবাগান এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৯ বোতল এসকফ (ESKUF) সিরাপ এবং ৪ বোতল চকো (CHOCO) সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।