সরকারি হাসপাতালে আস্থা বাড়ছে, আধুনিকায়নের তাগিদ রাশেদ খানের

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
সরকারি হাসপাতালে আস্থা বাড়ছে, আধুনিকায়নের তাগিদ রাশেদ খানের

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো:


রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। তিনি বলেন, এসব খাতে বাজেট বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা বাড়ছে। এর প্রতিফলন সরকারি হাসপাতালগুলোতেও দেখা যাচ্ছে। আগের তুলনায় রোগীর উপস্থিতি ও চিকিৎসাসেবা গ্রহণের চাপ বেড়েছে।


শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


রাশেদ খান বলেন, অতীতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রয়োজনের তুলনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে দেশের অনেক মানুষ প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, হাসপাতালের অবকাঠামো শক্তিশালী করা এবং আধুনিক চিকিৎসাসেবা মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।


তিনি বলেন, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় অনেকের নাগালের বাইরে। এ কারণে সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা জরুরি। সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ তুলনামূলক কম খরচে মানসম্মত সেবা পাওয়ার সুযোগ পাবেন।


পরিদর্শনের সময় রাশেদ খান হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার অবস্থা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।


এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, বিএনপি নেতা লিটন পারভেজ, বাদল হোসেন, রাজীব চৌধুরী, রাকিব, জুনায়েদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে রাশেদ খান সরকারি হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


এমকে/বিডিমেইল২৪