সরকারি চাকরি পাওয়ার সাত মাস পর তালাক দিয়েছেন স্ত্রী, প্রবাসী স্বামীর অভিযোগ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
সরকারি চাকরি পাওয়ার সাত মাস পর তালাক দিয়েছেন স্ত্রী, প্রবাসী স্বামীর অভিযোগ

সূত্রঃ সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি 


চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীর আর্থিক সহায়তায় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার প্রায় সাত মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তার স্বামী সাইফুল ইসলাম।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে পারিবারিকভাবে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের প্রায় চার মাস পর জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান সাইফুল।


সাইফুলের দাবি, স্ত্রী উচ্চশিক্ষার আগ্রহ প্রকাশ করলে তিনি তার পড়াশোনার খরচ বহন করতে শুরু করেন। প্রথমে কুমিল্লা শহরে বাসা ভাড়া নিয়ে জান্নাতুলের এইচএসসি পড়াশোনার ব্যবস্থা করেন। পরে ঢাকায় কোচিং করে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার আগ্রহ জানালে তাতেও সম্মতি দেন তিনি।


সাইফুলের ভাষ্য, প্রায় চার বছর ধরে স্ত্রীর পড়াশোনা, কোচিং ও আনুষঙ্গিক বিভিন্ন খরচ তিনি বহন করেছেন। একপর্যায়ে জান্নাতুল তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সরকারি চাকরি পাওয়ার কথা জানান।


তবে চাকরি পাওয়ার পর থেকেই স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন বলে অভিযোগ করেন সাইফুল। তার দাবি, দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার কথা জানালে জান্নাতুল তাকে আরও কয়েক বছর বিদেশে থাকার পরামর্শ দেন।


সাইফুল আরও অভিযোগ করেন, দেশে ফিরলে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র দেওয়ার দাবি করা হয়। পরে তিনি দেশে ফিরে এলে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে জান্নাতুল ফেরদৌস তাকে তালাক দেন বলে দাবি করেন তিনি।


সাইফুলের অভিযোগ, স্ত্রীর পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার পেছনে তিনি দীর্ঘদিন আর্থিকভাবে সহযোগিতা করেছেন। কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে।


তবে এসব অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।