চুয়াডাঙ্গায় সন্তানের মুখে কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ, মা আটক
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশুকন্যার মুখে কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কাজে যাওয়ার সময় স্বামী আলামীন ও স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজন লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আলামীন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী মেয়ে আনিকার মুখে ঘাস নিধনের কীটনাশক ঢেলে দেন সোনিয়া—এমন অভিযোগ উঠেছে।
এ সময় শিশুটির দাদি ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর পুলিশ শিশুটির মা সোনিয়া খাতুনকে আটক করে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ ও প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









