খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম তালনবমী তিথি মহোৎসব উদযাপন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম তালনবমী তিথি মহোৎসব উদযাপন

সূত্রঃ বিডি মেইল

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি 


খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে বিপুল ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপিত হয়েছে।


শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ তিথি পালন করা হয়। এতে স্থানীয় গুরুভ্রাতা, ভক্ত ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে ভোরে গীতা পাঠ ও প্রাতঃকালীন প্রার্থনার আয়োজন করা হয়। এতে আশ্রমের ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন। পরে দুপুরে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


দিনের শেষভাগে রাতে অনুষ্ঠিত হয় ধর্মসভা ও ভজন-কীর্তন। ধর্মসভায় বক্তারা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ, দর্শন ও বাণী নিয়ে আলোচনা করেন। তারা ঠাকুরের আদর্শ অনুসরণ করে মানবকল্যাণ ও নৈতিক জীবনচর্চায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


তিথি মহোৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন ঘিরে আশ্রম প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।


আয়োজকরা জানান, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ ও বাণী সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিবছর তাঁর আবির্ভাব তিথি পালন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে এবারের মহোৎসব শেষ হয়।