আজ স্ত্রীর প্রশংসা করার দিন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক 


বিয়ের এক বছর হোক কিংবা ৫০ বছর—দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের গুরুত্ব সবসময়ই থাকে। আর সেই অনুভূতি প্রকাশের বিশেষ একটি উপলক্ষ হলো স্ত্রীর প্রশংসা দিবস।


প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে পালিত হয় দিবসটি। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপন শুরু হয়। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশেও দিবসটি পরিচিতি পায়।


‘ডে’জ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, স্ত্রীর অবদান ও ভালোবাসার প্রতি সম্মান জানানো এবং দাম্পত্য জীবনে তার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়াই এ দিবসের মূল উদ্দেশ্য।


দিবসটি উপলক্ষে স্ত্রীকে নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানাতে পারেন। দিতে পারেন ফুলের তোড়া কিংবা পছন্দের কোনো উপহার। চাইলে তাকে নিয়ে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সিনেমা দেখা বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। পারফিউম, গয়না কিংবা অন্য কোনো পছন্দের উপহারও হতে পারে ভালোবাসা প্রকাশের মাধ্যম।


তবে উপহারই যে ভালোবাসা প্রকাশের একমাত্র উপায়, তা নয়। স্ত্রীকে উদ্দেশ করে নিজের হাতে লেখা একটি চিঠি কিংবা কয়েকটি আন্তরিক প্রশংসার কথাও হয়ে উঠতে পারে তার জন্য বিশেষ উপহার।


দাম্পত্য জীবনে ছোট ছোট স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ সম্পর্ককে আরও সুন্দর ও গভীর করে তুলতে পারে। তাই আজকের দিনটি হতে পারে প্রিয় সহধর্মিণীকে তার অবদানের জন্য ধন্যবাদ জানানোর একটি বিশেষ উপলক্ষ।