রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
সূত্রঃ বিডি মেইল
আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে অনুমোদনহীনভাবে কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘মায়ের দোয়া বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে কেক উৎপাদনের অভিযোগ পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ বলেন, রাজশাহীতে ভেজালবিরোধী ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে জরিমানা করে সতর্ক করা হচ্ছে। এরপরও কেউ অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করা হবে।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









