সরকারকে সহযোগিতা করতে চাইলেও প্রস্তাব নেয়নি: গোলাম পরওয়ার
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলে থাকার পর থেকে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতার উদ্দেশ্যে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের নিজস্ব অর্থায়নে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের পরামর্শও সরকারের কাছে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। তবে সরকার এসব প্রস্তাবের কোনোটি গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।
সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ করা হচ্ছে, সেটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে মোকাবিলা ও দেশের স্বার্থে জামায়াত বিএনপিকে পাঁচ বছর সহযোগিতা করেছিল। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল বলে দাবি করেন তিনি।
তবে পরবর্তীতে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের অবনতি হয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠানো এবং দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগকে মাঠে নামানোর ইন্ধন দেওয়ার অভিযোগ করছে। তার প্রশ্ন, সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকার পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক। শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ না তোলার আহ্বান জানান তিনি।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









