বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম
বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

সূত্রঃ বিডি মেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক ও যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ছুরি ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।


পুলিশ সুপার জানান, বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ গমনাগমনের পথ ব্লকেড করে সন্দেহভাজনদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়।


অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে সাত পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা (ওজন ২০০ গ্রাম), ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।


গ্রেপ্তার আটজন হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) ও নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।


অন্যদিকে, ডিবির পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া জাল নোটগুলো প্রতিটি এক হাজার টাকা মূল্যমানের।


এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) ও একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।


পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে সর্বমোট ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।