মোংলায় কোস্টগার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
মোংলায় কোস্টগার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

সূত্রঃ বিডিমেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।


কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোস্টগার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।


কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে মাটির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ সহায়ক হবে।


মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।