শিক্ষকদের দাবি পূরণে রাজপথে নামতে হবে না: হুইপ অপু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
শিক্ষকদের দাবি পূরণে রাজপথে নামতে হবে না: হুইপ অপু

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক। শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে।


শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হুইপ অপু বলেন, শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আলোচনার মাধ্যমে একে একে এসব দাবি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।


শিক্ষকদের জাতির অভিভাবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অভিভাবকেরা সন্তানদের দিনের বড় একটি সময় বিদ্যালয়ে রেখে যান। সেখানে শিক্ষকরা শিক্ষা, আদর ও স্নেহ দিয়ে তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকরা জাতির অভিভাবক।


শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, তা ধরে রাখতে হবে। বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।


হুইপ অপু বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বেশি হওয়া উদ্বেগজনক। শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দিন দিন কমে যাওয়াও জাতির জন্য দুঃসংবাদ। শিক্ষকদের নিজস্ব কৌশল ও উদ্যোগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্ম কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করছে শিক্ষকদের ওপর।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন।


তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।


প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি নিয়েও মত দেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চালু রাখা ছোট শিশুদের জন্য কঠিন। অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকতে চায় না। তাই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার প্রস্তাব দেন তিনি।


বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণের পাশাপাশি তা বাস্তব জীবনেও প্রতিফলন ঘটাতে হবে। বিএনপির নেতা পরিচয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা কিংবা দায়িত্বে অবহেলা করা যাবে না। এমনটি হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।


সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সত্যিকারের মানুষ, সমাজ ও বাংলাদেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।


শিক্ষকদের শুধু চাকরিজীবী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের জীবনে তাঁদের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই শিক্ষকদের অবহেলা করা যাবে না। শিক্ষাঙ্গনে রাজনীতি না করে শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।


পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।