জাজিরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা চান মিয়া গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে মো. চান মিয়া ফকির (৫৫) নামে নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের সূধন্য মন্ডলের কান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চান মিয়া ফকির ওই এলাকার মৃত হামিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি বড়কান্দি ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে চান মিয়ার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া জাজিরা উপজেলায় দলটির বিভিন্ন কর্মসূচিতে তিনি অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখতেন বলে পুলিশের দাবি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চান মিয়া ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থের জোগানদাতা হিসেবে তিনি কাজ করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








