মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর বার্তা, শার্শায় পুলিশের উঠান বৈঠক
ছবি: বিডি মেইল
আতিকুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নের গোগা বাজার, পাঁচভুলট এলাকা ও পি.কে. রাজগঞ্জ স্কুল প্রাঙ্গণে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. জাহিদুল আলম, বিট অফিসার এসআই মো. সবুজ গাজীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ওসি মো. শামিনুল হক বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার কোথাও মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা অন্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত বিট পুলিশ কর্মকর্তা অথবা থানায় জানাতে হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখারও আশ্বাস দেন তিনি।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অপরাধবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে পুলিশের এ ধরনের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশি সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এমকে/বিএম২৪









