পদ্মা সেতুর কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন, মামলায় আসামি না হওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আক্ষেপ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
পদ্মা সেতুর কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন, মামলায় আসামি না হওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আক্ষেপ

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিজেকে সামনের সারিতে থেকে প্রতিপক্ষের মোকাবিলা করা ব্যক্তি হিসেবে দাবি করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজিদ মোল্লা। ওই ঘটনায় দায়ের করা মামলায় নিজেসহ তাঁর অনেক সহযোদ্ধাকে আসামি না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।


নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে সাজিদ মোল্লা লেখেন, ‘পদ্মা সেতুর ওই প্রোগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করেছি। অথচ আমাকেসহ অনেক সহযোদ্ধাদের মামলায় আসামি করা হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!’


তাঁর এই স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পদ্মা সেতু এলাকার ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি না হওয়াকে কেন্দ্র করে তাঁর প্রকাশ্য আক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।


তবে ওই ঘটনার বিস্তারিত, মামলার আসামিদের তালিকা এবং সাজিদ মোল্লার দাবির বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।