কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সুফিয়া-জাফর স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সুফিয়া-জাফর আহমদ সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পরীক্ষার কেন্দ্র দুটি হলো কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজ। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও নবম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।


পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান পরিচালক ও চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন, পরীক্ষার কেন্দ্র সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান, কুতুবদিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী-উদ্যোক্তা মুহাম্মদ ইসমাঈল খান।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, অধ্যাপক হামিদুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।