শরীয়তপুরে ১৩ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, ধামাচাপা দিতে বাল্যবিয়ের আয়োজন
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানাধীন দড়িচর দাতপুর গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দিতে এবং অপরাধের আলামত নষ্ট করতে ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগও উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে কিশোরী শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযোগ দায়ের এবং চিকিৎসা নিতে গিয়ে পুলিশ ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অসহযোগিতার শিকার হয়েছেন বলেও দাবি করেছে তার পরিবার।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই পড়াশোনা বন্ধ হয়ে যায় ওই কিশোরীর। জীবিকার তাগিদে সে একই গ্রামের রিয়াজুল মুন্সির (১৮) বাড়িতে গৃহকর্মীর কাজ করত।
কিশোরীর বাবার অভিযোগ, ওই বাড়িতে কাজ করার সুযোগে রিয়াজুল গত এক থেকে দেড় মাস ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কিশোরীর দাদির বাড়িতে একা পেয়ে তাকে আবারও ধর্ষণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলেও তারা কোনো প্রতিকার করেননি। বরং ঘটনাটি ধামাচাপা দিতে একই এলাকার এরশাদ মল্লিকের ছেলে রাব্বি মল্লিকের সঙ্গে কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। ধর্ষণের ঘটনা আড়াল ও আলামত নষ্টের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরবর্তী সময়ে রাব্বি মল্লিক কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে সংসার করতে বাধ্য করেন বলেও অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, বিয়ের নামে ওই আয়োজনের পর কিশোরীকে প্রায় দেড় মাস আটকে রাখা হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন কিশোরী জানায়, ওই বাড়িতে কাজ করার সময় তার সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন করা হয়েছে। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানিয়েও কোনো বিচার পায়নি সে। বরং অভিযুক্তের এক বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে তাকে জোরপূর্বক সংসার করতে বাধ্য করা হয়েছে।
কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকাপয়সা নেই। কীভাবে কী করব, জানি না। অভাবের তাড়নায় মেয়েকে অন্যের বাড়িতে কাজে দিয়েছিলাম। এখন ওরা আমার মেয়ের সর্বনাশ করে দিল। মেয়ের চিকিৎসা করানোর মতো টাকাটুকুও আমার কাছে নেই।’
লিখিত অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে রিয়াজুল মুন্সি, রাব্বি মল্লিক ও এরশাদ মল্লিকের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রিয়াজুলের পরিবারের সদস্যসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত রিয়াজুল মুন্সি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ পাওয়ার পর আংগারিয়া পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম বলেন, ভুক্তভোগীর পরিবারকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অসহযোগিতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এমকে/বিএম২৪









