শিশু-কিশোরদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।
শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।
এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
এমকে/বিএম২৪








