টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস কালুসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় টহলদল। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথরোধ করেন।
এজাহারে বলা হয়, বিজিবির পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই। এ কারণে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হচ্ছে।
সে অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে কাগজে-কলমে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। এ ছাড়া টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।
এমকে/বিএম২৪









