আ. লীগবিরোধী সমাবেশে আ. লীগ নেতা, পরিচয় দিলেন ‘বিএনপি নেতা’ হিসেবে

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
আ. লীগবিরোধী সমাবেশে আ. লীগ নেতা, পরিচয় দিলেন ‘বিএনপি নেতা’ হিসেবে

সংগৃহীত

মো. ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন দলটির এক ইউনিয়ন কমিটির সহসভাপতি। সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম সরকার। তিনি মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। পাশাপাশি জাবিপ্রবিতে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন তিনি।


স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম সরকার নিজেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘বিশেষ আশীর্বাদপুষ্ট’ হিসেবে পরিচয় দিতেন।


গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান। এ সময় নুরুল ইসলাম সরকারও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন।


বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশে তাঁর অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে দলটির একজন নেতার অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এক আওয়ামী দালাল এখনো অবলীলায় ক্যাম্পাসে বিচরণ করছে এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ তার নিয়ন্ত্রণে চলে। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’


সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।


তবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম সরকার। তিনি দৈনিক আগামীর সময়কে বলেন, ‘আমাকে জোর করে কমিটিতে রাখা হয়েছিল। অন্যথায় চাকরি থাকবে না বলে হুমকি দেওয়া হয়। পরে আমি পদত্যাগও করেছি।’


নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে নুরুল ইসলাম সরকার দাবি করেন, ১৯৯২ সালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০০০ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এ ছাড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও জানান তিনি।


তিনি আরও জানান, পরবর্তী সময়ে উপজেলা বিএনপির কমিটিতে যুববিষয়ক সম্পাদক ও ছাত্রদলবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকও ছিলেন তিনি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান বলেন, ‘সে বলেছিল আগে আওয়ামী লীগে ছিল, এখন নেই। পদত্যাগ করেছে। এ বিষয়ে তাকে ডেকে জিজ্ঞাসা করার পাশাপাশি আরও জানতে হবে, বুঝতে হবে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’


এমকে/বিএম২৪