পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যের পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। রাজ্যটিতে এই প্রথম পুরুষ সরকারি কর্মচারীদের জন্য এমন ছুটির বিধান চালু করা হলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ১৫ দিনের ছুটি নেওয়া যাবে।
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকা এবং নবজাতকের যত্ন ও লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে পরিবারে দায়িত্বের ভারসাম্য তৈরি এবং যৌথভাবে সন্তান লালন-পালনে বাবা-মায়ের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে সরকার।
উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। চলতি বছরের আগস্টে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও এই ৩৬৫ দিনের ছুটির সুবিধা সম্প্রসারণ করেছিল বিজয় সরকার।
নতুন সিদ্ধান্তের ফলে কেরালা, সিকিম ও হরিয়ানার মতো ভারতের যেসব রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে, সেই তালিকায় যুক্ত হলো তামিলনাড়ু।
এমকে/বিএম২৪









