নৈরাজ্য-নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় নয়: ছাত্রদল নেতা রুবেল হাসান

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
নৈরাজ্য-নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় নয়: ছাত্রদল নেতা রুবেল হাসান

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


বড়াইগ্রাম-গুরুদাসপুরসহ বাংলাদেশের যেকোনো স্থানে নৈরাজ্য, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসান।


নাটোরের বড়াইগ্রাম উপজেলার জুনাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।


বক্তব্যে রুবেল হাসান বলেন, দলের দুঃসময়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দলের কর্মসূচি সফল করতে তাঁরা নিরলসভাবে কাজ করেছেন। তবে দলের সুসময়ে এসে ত্যাগী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।


তিনি আরও বলেন, শুধু বড়াইগ্রাম কিংবা গুরুদাসপুর নয়, বাংলাদেশের যেকোনো স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করতে রাজপথে থাকবে।


এমকে/বিএম২৪