প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবার) কর্মসূচি চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশুর জন্য এ কর্মসূচি চালু হবে।


চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।


বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।


প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা এবং তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।


রান্নার গুরুত্ব তুলে ধরে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, রান্না শুধু একটি শিল্প নয়, এটি একই সঙ্গে একটি ভাষা, বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। এর সঙ্গে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয় রয়েছে।


রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আবদুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।


রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা থামানো যাবে না। নিজস্ব দৃষ্টিভঙ্গিই রান্নাকে অনন্য করে তুলবে। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও পরিচিত করতে সবাইকে কাজ করতে হবে।


বিশ্বের ক্ষুধা দূরীকরণে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টি দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় কমানো এর অন্যতম লক্ষ্য।


বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দেশের পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।


তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।


কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।


কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূরীকরণে উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসারের কথাও উল্লেখ করেন। বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন বলে জানান তিনি।


আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টিসংবেদনশীল নীতির ওপরও গুরুত্ব দিতে হবে।


মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।


ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, পৃথিবীকে শূন্য ক্ষুধার লক্ষ্যে এগিয়ে নিতে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪